দাউদকান্দিতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন
কুমিল্লার দাউদকান্দিতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে উপজেলার মলয়বাজারে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন।
নিহত মো. ফারুক আহমেদের (৩০) বাড়ি হরিপুর গ্রামে।
নিহততের বড় ভাই মো. আবদুল্লাহ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে শাহজাহান নামের এক ব্যক্তি ফারুককে মোবাইল ফোনে ওই বাজারে ডেকে নেয়।
“বাজারে পৌঁছার পরপরই একদল মুখোশধারী দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে ফারুকের মাথায় কুপিয়ে এবং দুই হাতের কবজি কেটে পালিয়ে যায়।”
ফারুককে প্রথমে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এসআই আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ সন্ত্রাসীদের ধরতে তৎপরতা চালাচ্ছে।
