২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুচিত্রার বাড়ি দখলমুক্ত করতে বাধা নেই

পাবনা শহরে অবস্থিত বাংলা চলচ্চিত্রের ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি দখলে রাখতে জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের করা আপিলের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 01:07 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

সুচিত্রার বাড়ি দখলমুক্তির রায়ে পাবনায় আনন্দ
জামায়াতের দখলে সুচিত্রার বাড়ি
সুচিত্রা সেনের বাড়ি জামায়াত মুক্তের দাবি
সুচিত্রা সেনের পৈত্রিক ভিটা দখলমুক্ত করার নির্দেশ

রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় দেয়।

আদালতের এই রায়ের ফলে ওই বাড়ি থেকে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ‘ইমাম গাজ্জালী ইনস্টিটিউটকে’ উচ্ছেদ করতে আর কোনো আইনগত বাধা থাকলো না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানিয়েছেন।

তিনি বলেন, “এই বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করতে এবং তার পৈত্রিক ভিটা সংরক্ষণে আর কোনো বাধা রইল না। পাশাপাশি দখলে থাকা গাজ্জালী ইনস্টিটিউটকে উচ্ছেদেও আর কোনো বাধা নাই।”

তার বাড়ি দখলে রাখতে আপিল বিভাগে দুটি আবেদন করেছিল গাজ্জালী ইনস্টিটিউট।

জনস্বার্থে দায়ের করা একটি রিটে হাই কোর্ট দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিলে আপিল বিভাগে যায় প্রতিষ্ঠানটি।

এছাড়া উচ্ছেদ ঠেকাতে গাজ্জালী ইনস্টিটিউট নিজেরাও একটি রিট করেছিল, যা হাই কোর্টে খারিজ হয়ে যায়।

পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধেও আপিল বিভাগে যায় তারা।

রোববার দুটিতেই আপিলের আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে।

১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব-কৈশোর কাটে এই বাড়িতে। গত ১৭ জানুয়ারি চির অন্তরালে চলে যান এই নায়িকা, যিনি ১৯৭৮ সাল থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন।

১৯৮৭ সালে তৎকালীন জেলা প্রশাসক সাইদুর রহমান বাড়িটি বাৎসরিক চুক্তি ভিত্তিতে ইমাম গাজ্জালী ট্রাস্টকে ইজারা দেন।

এ ট্রাস্টের সঙ্গে জড়িত রয়েছেন জামায়াত নেতা ও যুদ্ধপরাধের মামলায় বিচারাধীন আব্দুস সুবহান।

১৯৯১ সালের ১৮ জুন ইমাম গাজ্জালী ট্রাস্ট বাড়িটি স্থায়ী বন্দোবস্ত নেয়ার আবেদন করে। ওই বছরের অগাস্টে ভূমি মন্ত্রণালয় তাদের স্থায়ী বন্দোবস্ত না দিয়ে আবারো বাৎসরিক ইজারা দেয়।

ইজারার টাকা পরিশোধ না করায় ১৯৯৫ সালের ২২ ফেব্রুয়ারি ইজারা বাতিল করা হয়। কিন্তু জামায়াত নেতারা বকেয়া পরিশোধ করে ওই বছরের ১৫ অগাস্ট আবার ইজারা নবায়ন করিয়ে নেন। এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণেই রয়েছে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি।

পরে পাবনাবাসী বাড়িটি উদ্ধারের জন্যে আন্দোলনে নামলে কর্তৃপক্ষ তাদের ইজারা বাতিল করে।

কিন্তু স্থানীয় জামায়াত নেতারা হাই কোর্টে রিট করে স্থিতি অবস্থা জারি করে নিজেদের দখল বজায় রাখে।

চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত নেতারা ‘ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ’ স্থাপনের নামে নামমাত্র মূল্যে গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেণির কোয়ার্টারের প্রায় এক একর জায়গা কিনে বিশাল ভবন তৈরি করে।

কিন্তু এরপরও সুচিত্রার বাড়ি তারা ছাড়েনি। বরং বাড়িটি নিজেদের দখলে রেখে ইমাম গাজ্জালী কেজি স্কুলের পাঠদান চালু রাখে।

২০১১ সালে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে’র পক্ষে  আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী সুচিত্রার বাড়ি দখলমুক্ত করতে হাই কোর্টে একটি রিট করেন।

ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ২০১২ সালের ২৬ জুলাই সুচিত্রা সেনের বাড়িটি পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সরকারের দখলে নেয়ার নির্দেশ দেয়।

পরে ওই বছরের ২৭ জুলাই ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের অধ্যক্ষ আইয়ুব হোসেন খাঁনের আবেদনে আপিল বিভাগ হাই কোর্টের ওই আদেশে স্থগিতাদেশ দেয়।

পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক  বলেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবার নিয়ে সুচিত্রা সেনের বাবা করুনাময় দাশগুপ্ত কলকাতায় পাড়ি জমান।

“সে সময় জেলা প্রশাসন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বাড়িটি রিক্যুইজিশন করেন।”

স্বাধীনতার আগে থেকেই বাড়িটি স্থায়ীভাবে দখলের জন্য জামায়াত নেতারা নানা কৌশলের আশ্রয় নেন বলে জানান তিনি।