সুচিত্রার বাড়ি দখলমুক্তির রায়ে পাবনায় আনন্দ
বাংলা চলচ্চিত্রের 'মহানায়িকা' সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনার বাড়িটি জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের কাছ থেকে দখলমুক্ত করতে আইনি বাধা দূর হওয়ায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে।
বাড়িটি দখলে রাখা নিয়ে ইমাম গাজ্জালি ট্রাস্টের আপিল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়। এ খবর পাবনায় পৌঁছার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা আনন্দে মেতে ওঠেন।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে।
পাবনার নাট্যাঙ্গনসহ অন্যান্য সংস্কৃতি কর্মীদের দাবি দ্রুত বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা অথবা একটি ফিল্ম ইনস্টিটিউট স্থাপন করা হোক।
বাড়িটি দখলমুক্ত করার জন্য 'পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ' বিভিন্ন সময়ে সভা, সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন, চলচ্চিত্র উৎসবসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
এ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে। এতে পাবনার সর্বস্তরের মানুষ আনন্দিত হয়েছে।"
"এখন আমাদের দায়িত্ব সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণশালা কিংবা একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলা," বলেন জেলা পরিষদ প্রশাসক।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িটি উদ্ধারে আইনি জটিলতা দূর হওয়ার পাবনাবাসী খুশি হয়েছে।
বাড়িটি উদ্ধার দীর্ঘদিন ধরে পাবনাবাসীর প্রাণের দাবি ছিল মন্তব্য করে তিনি বলেন, "পাবনাবাসীকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই আমরা মহানায়িকার পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণাগার ও একটি ফিল্ম ইনস্টিটিউট তৈরির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।"
পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তারা মহানায়িকার পৈত্রিক বাড়িটি উদ্ধারের জন্যে ব্যাপক লেখালেখি করেছেন, যার ফসল আমরা আজ হাতে পেলাম।"
মহানায়িকার বাড়িতে একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান নাট্যকর্মী ফারুক হোসেন চৌধুরীও।
এ ব্যাপারে ইমাম গাজ্জালি ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সেক্রেটারি ও সাবেক পৌর জামায়ায়াতের আমির আবিদ হাসান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনিভাবে বিষয়টি মোকাবেলা করব।"
১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব-কৈশোর কাটে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়িতে। গত ১৭ জানুয়ারি প্রয়াত হন এই নায়িকা, যিনি ১৯৭৮ সাল থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন।
১৯৮৭ সালে তৎকালীন জেলা প্রশাসক সাইদুর রহমান বাড়িটি বাৎসরিক চুক্তিভিত্তিতে ইমাম গাজ্জালি ট্রাস্টকে ইজারা দেন।
এ ট্রাস্টের সঙ্গে জড়িত রয়েছেন জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন আব্দুস সুবহান।
