আলমডাঙ্গায় মেছোবাঘ আটক, নিরাপদে জঙ্গলে ফেরত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি মেছোবাঘ আটক করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার সকালে ডামোশ গ্রাম থেকে মেছোবাঘটি আটক করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এটিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাকির হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে গ্রামে মেছোবাঘটি দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
লোকজনের ভিড় দেখে মেছোবাঘটি গ্রামের মোস্তাক মিয়ার বাড়ির একটি নারকেল গাছে উঠে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিচে জাল বিছিয়ে নারকেল গাছে পানি ছুড়লে মেছোবাঘটি নিচে পড়ে জালে আটকে যায়।
বিকাল ৩টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ও দামুড়হুদা বন বিভাগের কর্মকর্তা জহুরুল হক আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অফিসে আসেন।
এ সময় বন কর্মকর্তা জহুরুল হক বলেন, মেছোবাঘ মানুষের ক্ষতি করে না। এজন্য নিয়মানুযায়ী মেছোবাঘটি কোনো বন বা জঙ্গলে ছেড়ে দিতে হবে।
বিকাল সোয়া ৪টায় এ কর্মকর্তাদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশের জঙ্গলে মেছাবাঘটি ছেড়ে দেওয়া হয়।
