চট্টগ্রাম মেডিকেলে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের একটি বিভাগের পরীক্ষাগারে বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের (হৃদরোগ বিভাগ) একটি ল্যাবের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে বিভাগের রোগী ও তাদের স্বজনরা বাইরে বেরিয়ে আসে।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসিতে আগুন লাগে। পরে পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।”
এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
