২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমরাইলে নূরের বাড়িতে অভিযান

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে হত্যার প্রধান আসামি নূর হোসেনের বাড়িতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 12:36 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শনিবার সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূরের বাসায় অভিযান শুরু করা হয়েছে বলে জানান জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মইনুর রহমান।

নজরুল অপহরণের পরপরই স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

মইনুর রহমান জানান, “সাত জনকে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতে নূর হোসেনকে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান শুরু করা হয়েছে।”

এদিকে আইনজীবী চন্দন কুমারসহ অপর ছয় জনকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং রোববারের হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় সমাবেশে করে জেলা আইনজীবী সমিতি।

এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, তারা কোনো দলীয় ব্যানারের নয়, তাদের একটাই দাবি অপরাধীদের গ্রেপ্তার।

অপহরণের পর সাত জনকে হত্যার প্রতিবাদে ইতোমধ্যে জেলা আইনজীবী সমিতি রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে, যাতে সমর্থন দিয়েছে বিএনপি।