২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎহীন রাবি, বিপাকে শিক্ষার্থীরা

টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 03:07 AM

Updated : 22 Aug 2022, 06:12 PM

আবাসিক হলগুলোতে বিদ্যুৎ না থাকায় শনিবারের ক্লাস-পরীক্ষায় অংশ নেয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিনের পরীক্ষা স্থগিতেরও দাবি তুলেছেন অনেকে।

বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো ক্যাম্পাস।  শনিবার দুপুর নাগাদ ঠিক করা যাবে কি না সে বিষয়েও নিশ্চিত নয় প্রশাসন।

শুক্রবার রাত ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড়ে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েও রাতে কোনো বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি।”

তবে বিভিন্ন আবাসিক হলে খাবার পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতের ওই ঝড়ে প্যারিস রোডের গাছ উপড়ে সিনেট ভবনের উত্তর পাশের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে উপাচার্যের  বাসভবনের উত্তর পাশের সীমানা প্রাচীর।

এ পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সুব্রত পাল নামের এক ছাত্র বলেন, “বিদ্যুৎ না থাকায় গোসল, রান্না কিছু করতে পারিনি। সন্ধ্যায় মোমবাতি কিনতে গিয়ে লাইন ধরেছি। এই অবস্থায় যদি শনিবার ক্লাস-পরীক্ষা নেয়া হয় তাহলে সেটা চরম নিষ্ঠুরতা হবে।”

আরিফুল ইসলাম নামের আরেক ছাত্র বলেন, “শনিবার আমার পরীক্ষা আছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় কিছু পড়তে পারিনি। এই অবস্থায় যদি পরীক্ষা নেয়া হয় তাহলে ফেল করা ছাড়া কোন উপায় নেই।”