সিলেট থেকে নিখোঁজ ব্যবসায়ী গাজীপুরে উদ্ধার
সিলেট থেকে নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নুরুল আলম জানান, শুক্রবার বিকেলে গাজীপুরের ইটাহাটা এলাকায় ছাইফুর রহমান ওরফে শমশের (৩৮) নামের ওই ব্যবসায়ীকে পাওয়া যায়।
গত ২০ এপ্রিল সিলেটের আম্বরখানা মীরের ময়দান এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে তার পরিবারের অভিযোগ।
তবে ওই ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন, না আত্মগোপনে ছিলেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তা নুরুল জানান।
তিনি বলেন, “ছাইফুর আত্মগোপন করেছিলেন না অপহৃত হয়েছিলেন তা নিয়ে রহস্য মনে হচ্ছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানা যাবে।”
পুলিশ কর্মকর্তা নুরুল জানান, সিলেটের সিলাম পটলতল এলাকায় মুদি দোকান রয়েছে ছাইফুরের। ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে দোকান থেকে বাসায় ফেরার পথে মীরের ময়দান এলাকা থেকে তাকে তিন যুবক তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয় বলে তার ভাই অভিযোগ করেন।
এ নিয়ে ঘটনার দিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুরের ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে ছাইফুরকে উদ্ধার করা হয়।
অপহরণকারীরা তাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে গেছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় ওই এলাকার একটি রিকশা গ্যারেজের মালিক শাহাদৎ আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ছাইফুরের মোবাইলটি পাওয়া গেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।
