হারুনের কিডনি কাটার ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুর কিডনি কেটে নেয়ার মামলার প্রধান আসামি জাহাঙ্গীর হোসেন চাদকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোরে ঝিনাইদহ থেকে গ্রেপ্তারের পর তাকে উল্লাপাড়া থানায় আনা হয়। সে উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তরফবাইড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
এর আগে এ চক্রের আরেক সদস্য একই গ্রামের খলিলকে (২২) গ্রেপ্তার করা হয়। খলিল ঘটনার মূল পরিকল্পনাকারী বলে চাদের নাম বলে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, ঘটনার পরই জাহাঙ্গীর হোসেন চাদ এলাকা থেকে পালিয়ে যায়। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে ঝিনাইদহের ডাকবাংলো এলাকায় আত্বীয় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে হাজির করা হবে, বলেন পুলিশ কর্মকর্তা।
এসআইন আব্দুল জলিল আরো জানান, “এ পর্যন্ত কিডনি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চাদ এ ঘটনার প্রধান পরিকল্পনাকারী। আশা করছি তার কাছ থেকে এ চক্রের বাকি সদস্য ও সাভার থেকে আসা ডাক্তারদের সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”
গত ২২ এপ্রিল বিকালে ৬ বছর বয়সী ছেলে শিশু হারুন নিখোঁজ হয়। ২৬ এপ্রিল সন্ধ্যায় পাশ্ববর্তী ফইলার বিলের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে কিডনিবিহীন অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
২৯ এপ্রিল আদালতে খলিল স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেয়।
খলিল জানায়, প্রায় ১৫ দিন আগে ঢাকার সাভার থেকে আসা ডাক্তাররা হারুনের কিডনি ক্রয়ের জন্য ১০ লাখ টাকায় চুক্তিবন্ধ হয়। আর সেই মোতাবেক শিশুটিকে অপহরণ করার পর অজ্ঞান অবস্থায় রাতের বেলায় উধুনিয়া ব্রিজের নিচে নিয়ে তার দুইটি কিডনি কেটে নেয় ডাক্তাররা।
থামছে না মায়ের কান্না
হারুনকে হারিয়ে মা হাফিজা খাতুনের আহাজারি থামানো যাচ্ছে না। কিছুক্ষণ পরপরই ছেলের কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলছেন।
এ ঘটনার পর থেকে এলাকার শিশু-কিশোরদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ায় আশপাশের ৪/৫টি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এ নিয়ে অভিভাবকরাও রয়েছে দুচিন্তায়।
বুধবার বিকালে হারুনের বাড়ি গিয়ে দেখা যায় তার মা হাফিজা খাতুন ছেলের কথা মনে হলেই বুক চাপড়ে বিলাপ করছেন আর বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ৬ বছর বয়সী ছেলে হারুনকে হারিয়েছেন। এখন রয়েছে শুধু ৮ বছর বয়সী মেয়ে হাসি।
শেষ সম্বল হাসিকে বুকে চেপে রেখে আদর করছেন বারবার।
আর দিনমজুর বাবা আব্দুল হান্নান কান্নাজড়িত কন্ঠে বলেন, স্বাস্থ্যবান ছিল আমার হারুন। আমার সেই সোনার ছেলেকে ওরা কিডনি কেটে নিয়ে মেরে ফেলেছে।
এক বছর বয়সের সময় তোলা শিশু হারুনের একটি ছবিই এখন তাদের কাছে ছেলের একমাত্র প্রতিকৃতি। কেউ এলাকায় গেলে ওই ছবিই বারবার দেখান তিনি।
হারুনের দাদা শাহজাহান আলী জানান, অপহরণের ঘটনার কয়েক দিন আগে মাঝেমধ্যেই পাশের গ্রামের মতিন, চাদ ও দেলু বাড়ির সামনের দোকানে আসত। ঘটনার দিনও তারা মোটরসাইকেল দূরে রেখে দোকানের সামনে এসে বসেছিল।
স্কুলে উপস্থিতি কমে গেছে
স্থানীয় তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ জানান, হারুন তার স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর থেকে অপহরণ ভীতির কারণে তার স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে।
অভিভাবকরাও উদ্বেগের কথা জানিয়েছেন। আগদিগল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু ইউনুছ সরকার বলেন, শুধু শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে তা নয়। তেবাড়িয়া, তরফবাইড়া, আগদিগলসহ আশপাশের গ্রামগুলোতে সন্ধ্যার আগেই শিশু-কিশোররা ঘরে ঢুকে যাচ্ছে। আলাদা ঘরে পড়তে বসতেও তাদের মধ্যে অপহরণ ভীতি কাজ করছে।
আগদিগল গ্রামের সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কাশেম বলেন, দুই বছর আগে হারুনদের পাশের গ্রাম তরফবাইড়া গ্রামের আলীমুদ্দির নাতি সায়েমকে একইভাবে কিডনি কেটে নিয়ে হত্যা করা হয়। সে সময় ওই গ্রামের মোক্তার হোসেন ও তার স্ত্রী লাইলী বেগম জেলে গেলেও বর্তমানে জামিনে আছে। কিন্তু অভিযুক্ত তার ছেলেকে পুলিশ আজও গ্রেপ্তার করতে পারেনি।
