ঢাকা ও গাজীপুর থেকে অপহৃত দুজন উদ্ধার
ঢাকা ও গাজীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্র ও এক গার্মেন্টকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধাররা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের তোতা মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী আরিফ (২৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার মীরগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে একরামুল আলম দীপু (১৪)। দীপু স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে কালিহাতীর পাইকড়া থেকে অপহৃতদের উদ্ধার এবং চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জয়দেবপুরের মীরেরগাও গ্রামের আ. ছামাদ মিয়ার ছেলে এরশাদ আলী, নীলফামারী সদর থানার দুবাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও বোরহানের ছেলে ইসমাইল হোসেন, রাজবাড়ী সদর থানার কমরপাড়া গ্রামের খন্দকার শামছুল হকের ছেলে খন্দকার আজিজুর রহমান।
ওসি মনির হোসেন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া জামগড়া এলাকা থেকে গার্মেন্টকর্মী আরিফকে এবং তার কয়েক ঘণ্টা আগে জয়দেবপুরের মীরেরগাও থেকে দীপুকে অপহরণ করে নিয়ে যায় এই চক্র। তারপর থেকেই দুজনের পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করছিল তারা।
বৃহস্পতিবার সকালে আরিফের বাবার কাছে দুই লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বি-ক্যাশে তাদের কাছে ২০ হাজার টাকা পাঠিয়ে দেয়া হয়। বাকি টাকা বিকাল ৫টার মধ্যে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কালিহাতীর পাইকড়া গ্রামে আসতে বলা হয়।
অপহরণকারীরা বিকালে মাইক্রোবাসে করে অপহৃত দুজনকে নিয়ে ওই গ্রামে আসলে তাদের উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
