মাগুরায় ‘চরমপন্থী নেতা’ খুন
মাগুরায় প্রতিপক্ষের গুলিতে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন, যিনি হত্যাসহ ১৩ মামলার পলাতক আসামি।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার দোরা-মোথনা এলাকা থেকে তৈয়ব আলী ওরফে তৈয়বের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।
তার বাড়ি সদর উপজেলার নওয়াপাড়া গ্রামে।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তৈয়বকে সদরের দোরা-মোথনা এলাকায় শেষ রাতে যে কোনো সময় গুলি করে হত্যা করা হয়েছে। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তৈয়ব মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা টাইগার ওরফে দাউদের সেকেন্ড ইন কমান্ড। তার নামে মাগুরা সদরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে ।
এছাড়া তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর।
স্থানীয়দের ধারণা, প্রতিপক্ষ চরমপন্থী নেতা আলফু বাহিনীর হাতে তৈয়ব নিহত হয়ে থাকতে পারেন।
