নোয়াখালীর সিপিবি নেতা হত্যার বিচার দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মফিজুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার বিকালে শহরের শহীদ মিনার চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ হয়। এরপর সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
মিছিলে বিভিন্ন বাম রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
শহীদ মিনার চত্বরে বক্তারা বলেন, সারাদেশে বর্তমানে খুন, গুম, অপহরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সন্ত্রাসীরা প্রতিদিন একের পর এক হত্যা করে যাচ্ছে।
তারা বলেন, সিপিবি নেতা মফিজ একজন রাজনৈতিক নেতাই শুধু নন, তিনি জেলার সর্বস্তরের মানুষের প্রিয়ভাজন ছিলেন।
হত্যার তিনদিন পার হলেও এ হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তারা মফিজুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার দাবি জানান।
সিপিবির জেলা সভাপতি মজিবুল হক মুজিবের সভাপতিত্বে ও জেলা নেতা প্রদ্যুত কান্তি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ আলম, জেলা সাধারণ সম্পাদক জাফর উল্যা বাহার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আজিজুল হক বকশী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার, উদীচির জেলা সহ-সভাপতি সহিদ উদ্দিন বাবুল প্রমুখ।
গত রোববার (২৭ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা মফিজুর রহমানকে (৬০) গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। সুবর্ণচরের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
