২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জামায়াত ও শিবির নেতা কারাগারে

সহিংসতার মামলায় নাটোর জেলার জামায়াতে ইসলামীর আমির ও শিবিরের সভাপতিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে জামিন দেয়া হয়েছে জেলা জামায়াত সেক্রেটারিকে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার এ তিন জন নাটোরের মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

এরমধ্যে দুজনের আবেদন নাকচ হয় এবং একজনের আবেদন মঞ্জুর হয়।

কারাগারে পাঠানো দুজন হলেন জেলা জামায়াত আমির ইউনুস আলী ও জেলা শিবির সভাপতি আলমগীর হোসেন। জামিন পেয়েছেন জেলা জামায়াত সেক্রেটারি দেলয়ার হোসেন খান।

আদালত পুলিশের এসআই মুন্নাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে জামায়াত নেতা ইউনুস আলী, দেলয়ার হোসেন খান ও জেলা শিবিরের সভাপতি আলমগীর হোসেন একটি সহিংসতার মামলায় মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক ওই তিন জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে জেলা জামায়াতের সেক্রেটারি দেলয়ার হোসেন খানের পক্ষে জামিনের আবেদন পুনরায় বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা।

আইনজীবীরা আদালতকে জানান, দেলয়ার হোসেন খান নাটোর সিটি কলেজের অধ্যক্ষ এবং বর্তমানে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব। তাকে হাজতে রাখা হলে পরীক্ষা নেয়া বিঘ্নিত হবে।

আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন। বাকিদের জেলা কারাগারে পাঠানো হয়।

গত ২১ এপ্রিল শহরের চকরামপুর এলাকায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় জামায়াত ও বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়।