আইএফআইসসি ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড
বেসরকারি আইএফআইসি ব্যাংকের এক গ্রাহকের হিসাব থেকে টাকা আত্মসাতের দায়ে ওই ব্যাংকের দুই কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান এ রায় দেন। রায়ে দুই ব্যাংক কর্মকর্তার সঙ্গে তিন ব্যবসায়ীকেও একই সাজা দেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ জনের প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন।
দণ্ডিত দুই ব্যাংক কর্মকর্তা হলেন- আইএফআইসি ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ফয়েজ আহমদ সিদ্দিকী ও গ্রেড-১ অফিসার শফিউল আলম।
তিন ব্যবসায়ী হলেন- কনকর্ড ইন্টারন্যাশনালের মালিক আবু জাফর, আহাদ ইলেকট্রনিক্সের মালিক আবদুল আজিজ এবং এস আর ইন্টারন্যাশনালের মালিক মোদাচ্ছের হোসেন নাসির।
পাঁচ আসামির সবাই পলাতক বলে জানান পিপি মাহমুদুল।
তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে নাথ ফার্নিচারের মালিক বাবুল নাথের ব্যাংক হিসাব থেকে ৭২ লাখ টাকা তিন ব্যবসায়ীর হিসেবে সরিয়ে নেন। পরে প্রায় ৪৭ লাখ টাকা ফেরত দিলেও বাকি ২৫ লাখ ১০ হাজার টাকা ফেরত দেননি।
এ ঘটনায় আইএফআইসি ব্যাংকের টেরিবাজার শাখার কর্মকর্তা সুমন রায় বাদি হয়ে ২০০৯ সালের মামলা করেন। আদালতের নির্দেশে দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মামলার তদন্ত করেন।
