২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে অর্ধকেজি সোনা আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধকেজি সোনার চারটি বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 12:16 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বিমানবন্দর আর্মড পুলিশের ব্যাটালিয়নের এএসপি আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে পৃথকভাবে বিজি ০৮৭ ফ্লাইটে মালয়েশিয়া থেকে দুইজন ও টিআর ২৬৫৬ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে একজন (মোট তিনজন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের তল্লাশি চালায় বিমানবন্দরের আর্মড পুলিশ।

পরে তাদের কাছ থেকে থেকে মোট ৪৯৪.৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও ১৩৯ গ্রাম সোনার অলংকার জব্দ করা হয়। সোনার অলংকারের মধ্যে ১২টি গলার হার, ১২টি আংটি ও ১২টি লকেট রয়েছে।

স্বর্ণ বহনের কোন ঘোষণা ছাড়াই বিমানবন্দর ছাড়ার চেষ্টা করায় তাদের কাছ থেকে সেগুলো জব্দ করা হয়েছে।

তারা আটক হননি কেন জানতে চাইলে তিনি বলেন, “এককেজি সোনা বহন করবার অনুমতি আছে। তবে ওরা (তিনজন) কোন ধরনের ঘোষণা ছাড়া সেগুলো সোনার বার ও অলংকারগুলো বহন করছিল।”

এজন্য তাদের আটক না করে তাদের সোনাগুলো জব্দ করা হয়েছে।