অপহৃতদের সন্ধানে ঢাকা-চট্টগ্রাম সড়কে ফের অবরোধ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ অপহৃত পাঁচজনকে উদ্ধারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তৃতীয় দিনের মতো অবরোধ করেছে বিক্ষুব্ধরা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কটি অবরোধ করে রেখেছে নজরুলের সমর্থকরা।
ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকাল থেকেই অবরোধকারীরা সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সাইনবোর্ড এলাকা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। এতে মহাসড়কের দুই পাশে ৩৮টি জেলার শতাধিক রুটের কয়েক শ’যানবাহন আটকা পড়ে আছে।
বিক্ষুব্ধদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন।
