সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে বনদস্যু’ নিহত
সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘বনদস্যু’ নিহত হয়েছে।
র্যাব জানিয়েছে, খুলনার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা ফরেস্ট স্টেশনে পশুর নদীর পূর্ব পাড়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন স্থানীয় বনদস্যু দুলু বাহিনীর প্রধান দুলু (৪২) এবং তার সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত বাচ্চু (৩৭)। দুলুর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতোনিয়া গ্রামে। বাচ্চুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আমির হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনার দাকোপ উপজেলার ভদ্রা ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়েছে।
র্যাব -৮ এর লে. কমান্ডার মো. গুলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পাঁচটি একনলা বন্দুক, একটি ডাবল ব্যারেল বন্দুক, দুটি রাইফেল, একটি শুটার গান এবং চারশ' থেকে পাঁচশ' রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, র্যাব-৮ এর একটি টহল দল গত রাত ৩টার দিকে দুলু বাহিনীর ছয় সদস্যকে তিনশ রাউন্ড গুলিসহ মংলার পশুর নদীর জেটিঘাট থেকে গ্রেপ্তার করে।
এরা হলেন রাজু সিকদার, আবু তালেব, ইব্রাহিম হাওলাদার, কামাল শেখ, জাহাঙ্গীর মল্লিক ও নুরুল্লাহ শেখ। বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর তাদেরকে নিয়ে ভদ্রা ফরেস্ট রেঞ্জে অভিযান চালায় র্যাব। সেখানে একটি নৌকা থেকে র্যাবকে লক্ষ্য করে দস্যুরা গুলি করলে র্যাবও পাল্টা গুলি করে।
টানা ১৫ মিনিট উভয় পক্ষের গুলাগুলির পর বনদস্যুরা পিছু হটলে র্যাব ঘটনাস্থলে দুটি লাশ পড়ে থাকতে দেখে। এসময় সেখানে নয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
দস্যুদের সঙ্গে এ বন্দুকযুদ্ধে র্যাব ২৯৪ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান র্যাব কর্মকর্তা।
নিহতদের মৃতদেহ ও গ্রেপ্তার আসামিদের নিয়ে র্যাব মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
