মে দিবসে গাজীপুরের সমাবেশে যাবেন প্রধানমন্ত্রী
মহান মে দিবস উপলক্ষে পহেলা মে গাজীপুরের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মে দিবসে গাজীপুরে জাতীয় শ্রমিক লীগের জনসভা সফল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সোমবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন স্থানীয় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।
ফাইল ছবি
এতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দেন।
এছাড়া সাংসদ সিমিন হোসেন রিমি, সাংসদ জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামানও এতে বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান।
সভায় মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের ভাওয়াল কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভাকে সফল করতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিদের্শনা দেওয়া হয়।
এ উপলক্ষে পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যানার তৈরিসহ জনসভার প্রচারের জন্য সবাইকে ব্যাপক প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।
এর আগে নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন।
