না’গঞ্জের কাউন্সিলর ও আইনজীবীর সন্ধান মেলেনি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচ জন এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালকের খোঁজ এখনো পাওয়া যায়নি।
সোমবার নজরুলকে উদ্ধার এবং তাকে অপহরণ করেছে অভিযোগ তুলে আরেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার গ্রেপ্তারের দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।
এছাড়া আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমের সন্ধান দাবিতে জেলা বারের আইনজীবীরা সোমবার আদালত বর্জন ও বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করেন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণক করা হয় বলে অভিযোগ করেন তার পরিবার।
একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
নজরুলের অপহরণের সঙ্গে চন্দনের নিখোঁজের যোগসূত্র রয়েছে বলে ধারণা করছেন আইনজীবীরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, অপহৃতদের মুক্তি এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার গ্রেপ্তারের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়া এলাকায় জড়ো হতে থাকে তার সমর্থকরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
এসময় তারা সড়কে টায়ার, কাঠের টুকরোতে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সাড়ে ১২টার দিকে তাদেরকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।
কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সাংবাদিকদের জানান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিনসহ আরো কয়েকজন তার স্বামীকে র্যাব পরিচয়ে অপহরণ করেছেন।
তিনি কাউন্সিলর নূর হোসেনের কাছে তার স্বামীর প্রাণভিক্ষা চান, প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন।
কাউন্সিলর নূর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মঙ্গলবার এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করে সবকিছু বলবেন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক নারায়ণগঞ্জে আসেন। এ সময় তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তার সঙ্গে অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম কথা বলেন।
অতিরিক্ত ডিআইজি গোলাম ফারুক জানান, “নজরুলের স্ত্রী যেখান থেকে তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন, সেই ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তাদেরকে অপহরণ করা হয়েছে এমন ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই তারা অপহরণ হয়েছে সেই বিষয়টিও নিশ্চিত নয়।”
তারা নিখোঁজ রয়েছে এমনটা ধরে নিয়ে পুলিশ তদন্ত করছে। নিখোঁজদের উদ্ধার করে কাজ করছে। নিখোঁজদের পরিবারের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বিষয়গুলো গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।
আইনজীবী চন্দন সরকারের সন্ধান দাবিতে বিক্ষোভ
চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালকের সন্ধান দাবিতে জেলা বারের আইনজীবীরা সোমবার সকালে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করেন তারা। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে আইনজীবী সমিতির নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিমকে ফেরত দেয়ার দাবি জানান।
পরে আইনজীবী সমিতির একটি প্রতিনিধি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে দেখা করেন। এসপির আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইনজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমিনুল হক, আওলাদ হোসেন, জাকির হোসেন, আনিসুর রহমান দীপু, খোকন সাহা প্রমুখ।
চন্দন কুমার সরকারের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী আর্চনা সরকার ও মেয়ে সুস্মিতা সরকারসহ আত্মীয় স্বজনরা চরম উদ্বেগেরে মধ্যে রয়েছেন।
আর্চনা সরকার জানান, তার স্বামীর কোনো শত্রু ছিল না। তিনি সিভিল মামলা পরিচালনা করেন, তাই তার পেশাগত কারণেও কোনো শত্রু নেই।
এদিকে চন্দন কুমার সরকারকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটও সমাবেশ করেছে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লক্ষ্মী চক্রবর্তী প্রমুখ।
রোববার রাতে নজরুলের প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর শালবন এলাকায় পাওয়া যায়।
গাড়িতে নজরুলের গাড়িচালক জাহাঙ্গীরের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।
নজরুলের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
নজরুলের সঙ্গে অপর নিখোঁজরা হলেন তাদের বহনকারী প্রাইভেট কারের চালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের কর্মী মনিরুজ্জামান স্বপন ও বন্ধু লিটন।
