২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ আইনজীবীর সন্ধানে আল্টিমেটাম

২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ‘নিখোঁজ’ আইনজীবী চন্দন কুমার সরকারকে উদ্ধারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 11:17 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে উচ্চ আদালতের আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া প্রমুখের উদ্যোগে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে সংহতি জানায় বিএনপি সমর্থিত আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও।

জেড আই খান পান্না বলেন, “খুন-গুম বিচার বিভাগের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

চন্দনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্ত না করলে সারা দেশের সকল আইনজীবী সমিতিতে আন্দোলন করার ঘোষণাও দেন তিনি।

অপহৃত কাউন্সিলরেরও মুক্তিও দাবি করেন তিনি ।

সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশে প্রতিদিন গুম, অপহরণ, হত্যা হচ্ছে। কখনো র‌্যাব, পুলিশ করছে, আর কখনো সন্ত্রাসীরা করছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম কে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে রোববার তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে।

এদিকে নজরুল অপহৃত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকার।

আইনজীবীদের সন্দেহ, নজরুল অপহরণের সঙ্গে এই আইনজীবীর যোগসূত্র রয়েছে।