লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে, ঘটনা তদন্তে কমিটি
বঙ্গবন্ধু সেতুর ওপর লাইনচ্যুত দ্রুতযান এক্সপ্রেসের নয়টি বগি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কাজ শেষে সন্ধ্যা নাগাদ ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল পুনরায় শুরু হতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।
সোমবার ভোরে ঈশ্বরদী এবং ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল ভূঁইয়া জানান।
তিনি বলেন, সকাল ১১টা পর্যন্ত লাইনচ্যুত পাঁচটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিগুলো উদ্ধার করে লাইন স্বাভাবিক করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আবদুল আউয়াল জানিয়েছেন।
রেলবিভাগের অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন ভূঁইয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার রাত ৩টার দিকে রেল সচিব আবুল কালাম আজাদসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী মুজিবুল হক।
সে সময়ই মন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
টর্নেডোর আঘাতে রোববার রাত ১১টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়।
এরপর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর সেতুর উত্তর লেন দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও সোমবার সকাল ১০টার পর থেকে সেতুর উভয় লেন দিয়েই যান চলাচল করছে।
