২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ৬ কোটি ভারতীয় রুপির জালনোট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয় কোটি ভারতীয় রুপির জালনোট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 05:01 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

রোববার দুপুরে বিমানবন্দরের কার্গো হাউজের পাঁচটি কার্টনে ওই নোটগুলোর সঙ্গে বেশকিছু আমদানি নিষিদ্ধ ওষুধও পাওয়া যায় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শনিবার) পাকিস্তানের লাহোর থেকে দোহা হয়ে ঢাকায় অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে কার্টনগুলো নামানো হয়।”

তবে ওই কার্টনগুলো কার মাধ্যমে এসেছে তা জানাতে পারেননি মোস্তাফিজুর।

তিনি বলেন, “কার্টনগুলোর ওপরে ঠিকানা লেখা রয়েছে ৩৬/১ দক্ষিণ কেরানীগঞ্জ। আর একটি বিদেশি মোবাইল নম্বর দেয়া রয়েছে। মূলত ঠিকানা ও মোবাইল নম্বর সবই ভুয়া।”

কিভাবে ধরলেন জানতে চাইলে এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “আমরা একটি বুকিং নম্বর পাই এবং জানতে পারি এই বুকিং নম্বরে পাঁচটি কার্টন আসবে সবগুলো কার্টনের ওজন ১৭৫ কেজি। সেই কার্টনের আমদানি নিষিদ্ধ ওষুধ রয়েছে।

কার্টনগুলোতে জাল ভারতীয় রুপি রয়েছে তা আমরা কার্টনগুলো খোলার পর বুঝতে পেরেছি।

“ভোর রাতে কাতার এয়ারওয়েজের বিমানটি বিমানবন্দরের আসার পরপর মালগুলো যখন কার্গো হাউজে প্রবেশ করে তখনই বুকিং নম্বর দেখে আলাদা করা হয়।”

তিনি জানান, এই ঘটনায় একজন শুল্ক গোয়েন্দা বাদি হয়েছে মামলা করেছেন।

এছাড়াও একটি ফৌজদারি মামলা করা হবে বলে তিনি জানান।