২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শতবর্ষী বৃক্ষ নিধনের ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে অনুমতি না নিয়ে শত বছরের পুরনো গাছ কাটার অভিযোগে মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 04:12 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

চট্টগ্রামে শতবর্ষী বৃক্ষ নিধন, দেখার কেউ নেই

শনিবার গভীর রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী আমীর হোসেন খান বাদি হয়ে চারজনকে আসামি করে নগরীর খুলশী থানায় ওই মামলা করেন।

আসামিরা হলেন- আরমান, সোহেল, সুলতান ও সবুজ। তাদের মধ্যে সুলতান ও সবুজকে শনিবার বিকালে গাছ কাটার সময় আটক করে রেলওয়ের অভিযান দল।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার আসামির বিরুদ্ধে অনুমতি ছাড়া শতবর্ষী গাছ কাটার ও চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে।”

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপসংলগ্ন সড়কের পাশের রেইন ট্রি ও বটসহ চারটি শতবর্ষী গাছ কাটে একদল লোক। ওই সময় গাছ কাটার কাজ তদারকি করছিলেন আরমান।

তখন তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছ থেকে তিনি গাছ কাটার কার্যাদেশ পেয়েছেন।

এবিষয়ে শনিবার বিকালেই রেল ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে টনক নড়ে তাদের। এরপর অভিযানে নামের রেলওয়ের অভিযান দল। 

করপোরেশন এবং জমি ও গাছের মালিক রেল কর্তৃপক্ষ জানান, তাদের অগোচরেই সংঘবদ্ধ চোরচক্র সড়ক সম্প্রসারণের কাজ চলার সুযোগ নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছিল।

খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ছয়-সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।

“শনিবার বিকালে আটক দু’জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”