২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শতবর্ষী বৃক্ষ নিধন, দেখার কেউ নেই

চট্টগ্রাম নগরীর আমবাগানে সড়ক সম্প্রসারণের কাজ চলার মধ্যেই দিনে-দুপুরে দু’পাশের শতবর্ষী বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 08:45 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

চট্টগ্রামে বৃক্ষ নিধন: আটক ২

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমপক্ষে চারটি গাছ কেটে ফেলতে দেখা গেছে; যার মধ্যে রেইন ট্রি, বট ও নিমগাছ রয়েছে।

নগরীর টাইগার পাস মোড় ধরে আমবাগান হয়ে চলে যাওয়া পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের পাশেই নিজেদের মালিকানাধীন এসব গাছ কাটা হলেও কিছুই জানে না রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কর্মকর্তারা বলছেন, গাছ যাতে না কাটতে হয় সেজন্য সড়কটির একপাশে সম্প্রসারণের কাজ করা হচ্ছে।

তাদের অভিযোগ, স্থানীয় সংঘবদ্ধ একটি গাছ চোর চক্র কৌশলে সাপ্তাহিক বন্ধের দিনে শতবর্ষী এসব গাছ কেটে ফেলছে।

তবে গাছ কাটার সময় উপস্থিত মোহাম্মদ আরমান নামের একজন সিটি করপোরেশন থেকে গাছ কাটার কাজ পেয়েছেন বলে দাবি করেন।

কিন্তু মোট কয়টি গাছ কাটা হবে এবং কত টাকা তিনি পাবেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি আরমান।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে আমবাগান সড়কে ঘুরে দেখা গেছে প্রায় ৩০ জন শ্রমিক সড়কসংলগ্ন শতবর্ষী কয়েকটি গাছ বড় করাত ও কুড়াল দিয়ে কেটে ফেলছে।

শ্রমিকদের কেউ সিটি করপোরেশন, আবার কেউ রেলওয়ে গাছ কাটার কাজ দিয়েছে বলে জানায়।

পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপ সংলগ্ন অংশে সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশালাকার রেইন ট্রি কাটার কাজ চলছিল।

সেসময় উপস্থিত মোহাম্মদ আরমান সাংবাদিকদের বলেন, “রাস্তার অংশে পড়ায় এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছু গাছ ও ডালপালা কাটা হচ্ছে। গাছ কাটার পর টাকা পাব।”

মোট কয়টি গাছ কাটা হবে জানাতে না পারলেও আরমানের দাবি, পাহাড়তলি ওয়ার্ডের আওয়ামী লীগপন্থী সাবেক এক কাউন্সিলর তাকে কাজ দিয়েছেন।

নিজে যুবদলের রাজনীতি করেন বলে দাবি করেন তিনি।

এবিষয়ে সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক সিসিসি’র নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে যাতে কোনো গাছ কাটতে না হয় সেজন্য আমরা শুধু রাস্তার বাম পাশে সম্প্রসারণ করছি।

“সম্প্রসারিত অংশে পড়ায় কয়েকটি প্রাচীন গাছ রেখেই আমরা কার্পের্টিং করছি। এছাড়া সড়কের ডান পাশে সম্প্রসারণের কোনো কাজই নেই। তবু দুই পাশেই গাছ কাটা হচ্ছে।”

আবু ছালেহ বলেন, “চট্টগ্রামের ঐতিহ্যের অংশ শতবর্ষী এসব গাছ কাটা তো গুনাহর পর্যায়ে পড়ে। আমরা রেলওয়েকে কোনো গাছ কাটতে বলিনি।

“আমবাগান এলাকার গাছ চোর চক্র সাপ্তাহিক ছুটির দিনের সুযোগে এসব গাছ কেটে ফেলছে। চক্রটি এ কে খান এলাকাতেও সিসিসি’র নাম দিয়ে গাছ কাটছে।”

আরমান নামে সিসিসি’র কোনো ঠিকাদার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ নামের কোনো ঠিকাদার এ প্রকল্পের সঙ্গে যুক্ত নয়।”

শনিবার দেখা গেছে, রেলওয়ে ওয়ার্কশপের পাশে একটি, রেলওয়ে জাদুঘরের পাশে একটি, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে দুটি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা ভ্যান ও রিকশায় করে কাটা ডাল পাল নিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের সীমানা প্রাচীরসংলগ্ন একটি গাছের বিশালকার ডাল কাটার জন্য বাঁশের মাচা তৈরি করেছে শ্রমিকরা।

এছাড়া সড়কের দুই পাশের বড় আম, জাম ও কাঠালসহ বেশ কিছু গাছের ডাল ছেটে ফেলা হয়েছে।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা কামরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছ কাটার জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি।

“আমি চারদিন ধরে ঢাকায় আছি। এখনই সংশ্লিষ্টদের বলছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”

আমবাগান সড়কের টাইগার পাস থেকে পাহাড়তলি পাঞ্জাবি লেইন পর্যন্ত সড়কের সম্প্রসারণ, একটি সেতু, একটি কালভার্ট ও দুটি সড়ক নির্মাণের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিসিসি। রেলওয়ের জমিতে সড়ক সম্প্রসারণের কাজ চলছে।