২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃক্ষ নিধন: আটক ২

নগরীর পাহাড়তলির সড়কসংলগ্ন রেলের জমির শতবর্ষী গাছ কাটার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 10:02 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার সন্ধ্যায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালার নেতৃত্বে অভিযানে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- সুলতান (৪৫) ও  মো. সবুজ (২০)।

তরুণ কান্তি বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার এই সড়কে একটি বড় গাছ সম্পূর্ণ কেটে ফেলা হয়। পাশাপাশি কয়েকটি গাছের ডাল কাটা হয়েছে।

“প্রায় আড়াইশ বছরের প্রাচীন একটি গাছের ডাল কাটার জন্য মাচা বাঁধা হয়। এসময় সেখান থেকে দুই শ্রমিককে আটক করা হয়েছে।”

এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও করাতসহ বিভিন্ন সরঞ্জাম আটক করে অভিযান দল।

এবিষয়ে নগরীর খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বাসিন্দা রেলওয়ে কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় গাছ কাটায় জড়িতদের আটক করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলি ওয়ার্কশপ সংলগ্ন আমবাগান সড়কে বিভিন্ন আকারের কয়েকটি গাছ কাটা হয়।

এবিষয়ে জানতে সংবাদকর্মীরা রেলওয়ে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের টনক নড়ে। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালায়।

তরুণ কান্তি বালা বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।