২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুর-এলেঙ্গা চার লেইন সড়কের দরপত্র মে মাসে 

গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সড়ক চার লেইনে উন্নীত করার দরপত্র মে মাসেই আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 09:29 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার বিভিন্ন সড়কের কাজের অগ্রগতি দেখতে এলেঙ্গাতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মে মাসে দরপত্র আহ্বানের পর, আগামী সেপ্টেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে কার্যাদেশ দেয়া হবে।”

এই সড়কটি দৈর্ঘ্যে ৭০ কিলোমিটার হবে, যার মধ্যে পাঁচটি ফ্লাইওভার, ২৬টি সেতু ও ৬০টি কালভার্ট এবং ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেইন নির্মিত হবে বলে জানান মন্ত্রী।  

তিনি বলেন, ৩ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের মার্চে।

সড়কটি নির্মাণে গাজীপুর ও টাঙ্গাইল জেলায় ৩৫ দশমিক ৪৩৩ হেক্টর ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। পুনর্বাসনের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সিসিডিবি-কে নিয়োগ করা হয়েছে বলে ওবায়দুল কাদের জানান।

উত্তরাঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ‘সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (এসএএসইসি) রোড কানেকটিভিটি প্রজেক্ট ইমপ্রুভমেন্ট অব জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা টু এ ফোর লেন হাইওয়ে’ শীর্ষক প্রকল্পটি হাতে নেয়া হয়।

পরিদর্শনের সময় টাঙ্গাইল-৭ আসনের সাংসদ একাব্বর হোসেন, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।