‘ভারত থেকে আসা ফলে ফরমালিন থাকে’
ভারত থেকে আমদানি করা আঙুরসহ বিভিন্ন ফলে ফরমালিন থাকে বলে অভিযোগ তুলেছেন দিনাজপুরের ফল ব্যবসায়ীরা।
শনিবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, স্থল বন্দরে ফরমালিন পরীক্ষা না সরকারের লোকজন ফরমালিন পরীক্ষার নামে ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের হয়রানি করছে।
ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা অনেকেই ফরমালিন চোখেই দেখেনি বলে দাবি তাদের।
আমাদানি করা ফল স্থল বন্দরেই ফরমালিনমুক্ত করার দাবি জানান তারা।
ফল ব্যবসায়ী নাসিম খান লিখিত বক্তব্যে বলেন, “আমদানি করা ফল ফরমালিনমুক্ত কিনা তা স্থল বন্দরে পরীক্ষা করা হয় না। অথচ জেলা প্রশাসনের কর্মকর্তারা ফলের বাজারে প্রায় সময় ফরমালিন বিরোধী অভিযান চালিয়ে আমাদের হয়রান করে।”
গত ২ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের দুইজন ফল বিক্রেতা বাবুল হোসেন ও রানাকে ফরমালিন মিশ্রিত আঙুর বিক্রির অভিযোগে জরিমানা করার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, তারা স্থল বন্দরে আমাদানিকারকদের কাছ থেকে এসব ফল ক্রয় করেন। বন্দরেই ফরমালিন পরীক্ষা করা হলে ফল বিক্রেতারা হয়রানি থেকে রক্ষা পায়।
সংবাদ সম্মেলনে মো. শহীদ, মো. মইন, মো. লিটন, লিয়াকত আলী, মো. আঙ্গুর ও মো. আমিরুল ইসলামসহ অন্তত ৩০ জন ফল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
