২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযোদ্ধা ফরাসি সাংবাদিকের সাক্ষাৎ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া ফরাসি সাংবাদিক বার্নাদ অঁরি লেভি দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 04:36 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

শনিবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালরো বাগানের উদ্বোধন অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

১৯৭১ সালে ফরাসি লেখক-দার্শনিক আন্দ্রে মালরো আহ্বানে পশ্চিমা বুদ্ধিজীবীদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশের পক্ষে গঠিত ইন্টারন্যাশনাল ব্রিগেডের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন লেভি।

স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে কিছুদিন চাকরিও করেছিলেন ফরাসি এই সাংবাদিক।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এই সাংবাদিক বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

তিনি বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত উপনিবেশিক প্রদেশকে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যেভাবে গড়ে তুলেছিলেন, তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।

বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসাবে অবিস্মরণীয় হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন লেভি।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিতি হচ্ছে, বলেন এই ফরাসি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

লেভি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রীর ভাই শেখ জামালের সঙ্গে তার সাক্ষাৎ ও কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

“এসময় অনেকটা আবেগআপ্লুত হয়ে পড়েন মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই সাংবাদিক,” বলেন শাকিল।

সাক্ষাতকালে মাহবুবুল হক শাকিল ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান সিকদার এবং ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত মিশেল থ্রানকিয়ে উপস্থিত ছিলেন।

ঢাবিতে ‘মালরো বাগান’

মুক্তিযুদ্ধে আন্দ্রে মালরো অবদানকে স্মরণে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার উদ্বোধন হয়েছে মালরো বাগান।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আঁলিয়স ফ্রঁসেসে দ্য ঢাকার যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন মলচত্বরে এই বাগান তৈরি করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই বাগানের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ফরাসি সাংবাদিক লেভি ছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ফরাসি রাষ্ট্রদূত এবং আঁলিয়স ফ্রঁসেসের কর্মকর্তররা।

মন্ত্রী মোজাম্মেল হক বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য আন্দ্রে মালরো অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বাগান উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্দ্রে মালরোর ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র  ‘বাংলাদেশ প্রত্যাশার পথে’  দেখানো হয়।