সিলেটে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার প্রতাপপুর এলাকার পিয়াইন নদীর তীর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অকুল মিয়া (৩৫) উপজেলার দক্ষিণ প্রতাপপুর (ঢালার পশ্চিমপাড়) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
তিনি উপজেলার হাজীপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন অকুল মিয়া। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি।
সকাল ৭টার দিকে স্থানীয়রা তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পিয়াইন নদীর তীরে জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
