২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম বন্দরে এনসিটি পুরো চালু হতে লাগবে দেড় বছর’

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পুরোদমে চালু হতে আরো দেড় বছর লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:46 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার  চট্টগ্রাম বন্দরের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যন্ত্রপাতি সংগ্রহ করে টার্মিনাল পরিচালনায় আহূত দরপত্রে দেশি-বিদেশি পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। কিন্তু আদালতে মামলার কারণে এই প্রক্রিয়া স্থগিত করা হয়।

‘‘টার্মিনালটি চালু করতে এখন বন্দর কর্তৃপক্ষই যন্ত্রপাতি সংগ্রহ করে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মে মাসে টার্মিনাল পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র আহ্বান করা হবে।’’ 

তিনি জানান, বর্তমানে সনাতন পদ্ধতিতে টার্মিনালটির ৩৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে।

২০০৭ সালের ডিসেম্বরে এনসিটির পাঁচটি জেটি নির্মাণ হয়। বর্তমানে দুটি জেটিতে এক বেসরকারি অপারেটর জাহাজের ক্রেনের সাহায্যে কন্টেইনার ওঠানো-নামানোর কাজ করছে। বাকি তিনটি জেটি অব্যবহৃত পড়ে আছে।

চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইন্সটিটিউটে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে চেয়ারম্যান নিজাম উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন, যাতে বন্দরের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং পরিকল্পনা তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে তিনি চলমান ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের চিত্র তুলে ধরে বলেন, “নির্ধারিত সময় পার হলেও প্রকল্পটির প্রায় ৭৯ শতাংশ কাজ শেষ হয়েছে।”

প্রকল্পের অগ্রগতি আশা অনুরূপ না হওয়ায় মালয়শিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানকে ‘লিকুইডিটি ড্যামেজ’ আরোপ করা হয় জানিয়ে তিনি বলেন, “এতেও কাজ না হওয়ায় সংশোধিত সময়সূচি অনুযায়ী কাজ শেষ করতে পারবে না বলে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।”

লিখিত বক্তব্যে বন্দর চেয়ারম্যান চলমান ১৩ টি প্রকল্পের বর্তমান পরিস্থিসি তুলে ধরেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন, বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমোডোর এম শাহজাহান উপস্থিত ছিলেন।