উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত
চাঁদপুর-লাকসাম রেল লাইনে এবার উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত হয়ে একঘণ্টা চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের উদ্ধার কাজ শেষে ফেরার সময় শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জের কংগাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে একই উদ্ধারযানের ক্রেন দিয়ে উদ্ধার কাজ শেষে বেলা ১১টার দিকে চলাচল স্বাভাবিক হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হাজীগঞ্জ রেল স্টেশনের মাস্টার আবুল কাশেম জানান, বুধবার বিকালে হাজীগঞ্জের বাকিলায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া ১০টি বগির উদ্ধার কাজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় শেষ হয়। এরপর উদ্ধারকারী ট্রেনটি লাকসামের উদ্দেশে রওয়ানা হয়।
সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জের কংগাইশ উদ্ধারকারী ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে চাঁদপুর-লাকসাম রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বেলা সাড়ে ১১টায় সেটি উদ্ধার করার পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উদ্ধারকারী ট্রেনের সুপারভাইজার নূর মোহাম্মদ জানান, একই উদ্ধারযানের ক্রেন দিয়ে লাইনচ্যুত চাকা উদ্ধারের পর যানটি আবার সচল হয়। পরে সেটি লাকসামের উদ্দেশে রওয়ানা হয়।
