পিরোজপুরের `মামা' খুন করল ভাগ্নেকে
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মামা তার ভাগ্নেকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।
জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার দক্ষিণ ভবানিপুরে হামলায় আহত হন মোস্তফা হাওলাদার (৪০)। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওসি জানান, মোস্তফার মামা আকাব্বর হাওলাদার তার সহযোগী সেলিম (২৮), ছগির (২৫), রাসেল (১৭), জেসমিন (৩৫), নাসিমা (৩২) ও সরোয়ারসহ (৪৫) আরো অন্তত ১০ জন মোস্তফার উপর হামলা চালায়।
তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মোস্তফার বড় বোন রোকেয়া বেগম থানায় মারামারির ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা করেছিলেন। ওই মামলার দুই নম্বর আসামি জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
