রাজশাহী মেডিকেলে ‘অক্সিজেন না পেয়ে’ রোগীর মৃত্যু
শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘটের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না পেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
তবে চিকিৎসকরা বলছেন, অক্সিজেন দেয়ায় অবহেলা নয়, ওয়ার্ডে আনার পরপরই রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে হাসপাতালে মারা যান নগরীর চন্ডিপুর এলাকার প্রয়াত আব্দুল করিমের ছেলে শহীদুল ইসলাম (৪৫)। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী অফিসে কর্মরত ছিলেন বলে স্বজনরা জানান।
শহীদুলের ছেলে নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে তার বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সে সময় তিনি শ্বাস নিতে পারছিলেন না।
“অক্সিজেন দিতে বললে কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের অক্সিজেনের সরবরাহ বন্ধ রয়েছে। তিনি রোগীকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন।
“ওই ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর এক নার্স বলেন, অক্সিজেন দিতে হবে। স্যারকে (চিকিৎসক) ডাক দেন। কিন্তু ওই চিকিৎসকের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেননি।”
এসব করতে প্রায় আধাঘণ্টা চলে যায় জানিয়ে নাহিদুল বলেন, “ফিরে এসে দেখি বাবা আর বেঁচে নেই।”
নাহিদুলের চাচাত ভাই রাজু বলেন, তারা লাশ নিয়ে আবার জরুরি বিভাগে যান। দেখতে চান সত্যিই অক্সিজেন সরবরাহ বন্ধ কি না। এজন্য মেশিন ছাড়তে বলেন।
“মেশিন ছাড়ার সঙ্গে সঙ্গে দেখি নল দিয়ে অক্সিজেন বের হচ্ছে। এটা দেখে নাহিদুল আর সহ্য করতে পারেননি। তিনি সাদা পোশাক পরা ওই কর্মচারীকে একটা ঘুষি মেরে দেন।”
এরপর কর্মচারীরা তাদের ঘিরে ফেলে এবং পরে পুলিশ আসে। কিছুক্ষণ পরে অবশ্য তাদের ছেড়ে দেয়।
অক্সিজেন দিতে পারলে তার চাচার মৃত্যু হতো না বলে দাবি করেন রাজু।
এ ব্যাপারে হৃদরোগ বিভাগের প্রধান রইচ উদ্দিন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেয়ায় লোকবলের সংকট ছিল।
তবে এ রোগীকে ওয়ার্ডে নেয়ার পরপরই তার মৃত্যু হয় বলে দাবি করেন রইচ উদ্দিন।
রোববার রাতে হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন সাংবাদিকরা।
এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে সোমবার কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
অন্যদিকে সাংবাদিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
