২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবারকের মামলায় যুক্তিতর্ক শুরু ১১ মে

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় আগামী ১১ মে যুক্তিতর্ক শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 12:48 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ দিন ঠিক করে।

এদিন মোবারকের পক্ষে তৃতীয় ও শেষ সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা ছিল।

তবে তার আইনজীবী তাজুল ইসলাম সাক্ষীকে হাজির করতে না পারার কথা জানালে ট্রাইব্যুনাল সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ১১ মে থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দেয়।

গতবছর ২৬ নভেম্বর এ মামলায় তিনজন সাফাই সাক্ষী নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল।

তিনজনের মধ্যে মোবারক হোসেন নিজে ও তার বড় ছেলে মোহাম্মদ আসাদ উদ্দিন সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।প্রসিকিউশনের মোট ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছে।

গত ২৫ নভেম্বর প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং তাদের আসামিপক্ষের জেরা শেষ হয়।

২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি মোবারক হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

২৩ এপ্রিল তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। গত ১৬ মে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।