ভরণপোষণ না দেয়ায় 'অপহরণ'
ভরণপোষণ না দেয়ায় চট্টগ্রামে এক প্রবাসীকে তার স্ত্রী অপহরণের চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে রাহাত্তার পুল এলাকা থেকে প্রবাসী জাহাঙ্গীর আলমকে তুলে নেয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাচ্চু মিয়া ও মো.জাহাঙ্গীর। তারা দুজনই হালিশহরের নয়ন মাদকাসক্তি পুনবার্সন কেন্দ্রের কর্মচারী।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক নিরাময় কেন্দ্রের এই দুই কর্মী গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে জাহাঙ্গীরকে তুলে নেয়ার চেষ্টা করেছিল।
“ভরণপোষণ না দেয়ায় জাহাঙ্গীরের প্রথমপক্ষের স্ত্রী তার দুই মামার পরামর্শে মাদকাসক্ত বলে স্বামীকে নিরাময় কেন্দ্রের মাধ্যমে তুলে নেয়ার চেষ্টা চালায়,” বলেন ওসি।
জাহাঙ্গীরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশও ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করে।
তবে আটক দুইজনের সঙ্গে থাকা আরো চার-পাঁচজন পালিয়ে যায়।
ওসি বলেন, ওই প্রবাসীকে তুলে নিতে গিয়ে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য বলে পরিচয় দিয়েছিল।
তিনি জানান, এঘটনায় জাহাঙ্গীরের প্রথম স্ত্রীর দুই মামা বেলাল হোসেন ও শওকতুল ইসলামসহ আটজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এর সঙ্গে যুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে ।
