২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দরপত্র নিয়ে সংঘর্ষ: আরেকজনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দরপত্র জমা দেয়া নিয়ে সংঘর্ষে আহত আরেক জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার দুপুরে মৃত কালা মিয়া (৪৫) মাধবপরের কালিকাপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে সংঘর্ষে দুই জনের মৃত্যু হলো।

রোববার রাতে মারা গিয়েছিলেন নিজনগর গ্রামের রক্কু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)।

ওইদিন উপজেলার নিজনগর গ্রামে একটি জলমহালের দরপত্র জমা দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে এ দুজন আহত হন।

মাধবপুর থানার ওসি আব্দুল বাসিত জানান, সদর হাসপাতালে চিকিৎসাধীন কালা মিয়াকে সোমবার বেলা আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এর আগে রোববার রাত ১০টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল মিয়া।

স্থানীয়রা জানান, রোববার সকালে নিজনগর গ্রামের পলাশ মিয়া ৫ লাখ টাকায় ওই এলাকার একটি জলমহাল উপজেলা প্রশাসন থেকে ইজারা নেন। একই এলাকার ফরিদ মিয়াও তা ইজারা নিতে চেয়েছিলেন।

এ নিয়ে বিরোধের জেরে পলাশ মিয়া ও ফরিদ মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়ায় বলে জানান স্থানীয়রা।