‘সত্য প্রতিষ্ঠায়’ শিক্ষা প্রতিষ্ঠানে পিএমও কর্মকর্তার বই
ঐতিহাসিক ‘সত্য প্রতিষ্ঠায়’ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তিনটি বই দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসায় সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যে বইগুলো সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. মাহমুদুর রহমানের (আনু মাহমুদ)।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী নিয়ে তারেক রহমানের বিতর্কিত বক্তব্যের মধ্যে আনু মাহমুদের আবেদনে তার সম্পাদিত বইগুলো সংরক্ষণে রোববার নির্দেশনা জারি করেছে মাউশি।
বই তিনটি হল- ‘বঙ্গবন্ধুর ভাষণ’, ‘গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধু হত্যার রায় জাতির কলঙ্ক মোচন’।
স্কুল-কলেজ ও মাদ্রাসায় সংরক্ষণের অনুরোধ জানিয়ে মাহমুদুর রহমান গত ১৩ জানুয়ারি মাউশি মহাপরিচালকে চিঠি দিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে নির্দেশনা জারির সঙ্গে মাহমুদুর রহমানের চিঠিটিও তুলে ধরেছে মাউশি।
চিঠিতে বলা হয়েছে, গ্রন্থ তিনটির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য-উপাত্তসহ বাংলাদেশ সৃষ্টির প্রকৃত ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে সক্ষম হবে বলে প্রতীয়মান হচ্ছে।
“এ আলোকে গ্রন্থ তিনটি দেশের সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠার আলোকে সংরক্ষণের ব্যবস্থা নেয়ার আবশ্যকতা দেখা দিয়েছে বলে অনুমিত হচ্ছে।”
এই তিনটি বই নির্বাচনের বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি।
তবে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক আতাউর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য জানতে পারে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বইগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে।”
