২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মাদ্রাসাছাত্রী হত্যাকারীদের শাস্তি দাবি

সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসাছাত্রীর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 09:25 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার দুপুরে আশুলিয়া থানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচিতে এলাকাবাসী, স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

নিহত আকলিমা আক্তার আঁখি (১৩) আশুলিয়ার ‘উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার’ সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পরিদর্শক আজহারুল আরো জানান, তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়ার পর শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেয়।

এতে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারো যানচলাচল স্বাভাবিক হয়।

সোমবার দুপুরে টিফিনের বিরতির পর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আকলিমা।

তিনদিন পর বৃহস্পতিবার সকালে কন্ডা গ্রামের কাছে খালের পাশে কাঁশবনের ভেতর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাতে তিন যুবককে আটক করা হয় বলেও জানান আজহারুল।