ত্রিপুরারা মেতেছে বৈসুর গড়াইয়া নৃত্যে
খাগড়াছড়ির ত্রিপুরা জনগোষ্ঠী নববর্ষের উৎসব বৈসুকে ঘিরে মেতেছে গড়াইয়া নৃত্যে।
রোববার খাগড়াপুর কাচারি মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দুদিনের এ উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় খাগড়াছড়ি জেলা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজি শামছুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উৎসবে জেলার বিভিন্ন ত্রিপুরা গ্রামের প্রায় ২০টি গড়াইয়া নৃত্য দল অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
গড়াইয়া নৃত্যের মাধ্যমে পুরাতন বছরের গ্লানি-দুঃখ-বেদনা মুছে নতুন বছরে পূর্ণ উদ্যমে কাজ করার আহবান জানানো হয়।
সংস্কৃতিপ্রিয় মানুষের কাছে গড়াইয়ার আকর্ষণ যেন ফুরাবার নয়। প্রতিটি বাড়ির উঠোনে গড়াইয়া দলের মন্ত্রপাঠের মাধ্যমে নতচিত্তে পূজা-অর্চনা চলছে। নাচ শেষে সামর্থ্য অনুযায়ী যে যাই দেন তাই নিয়েই সন্তুষ্ট হয়ে চলে যান গড়াইয়া শিল্পীরা।
বীরত্ব ভূষণ ত্রিপুরা (গড়াইয়া দলের প্রধান বা অচাই), স্মরণ ত্রিপুরা (গড়াইয়া শিল্পী), অক্ষয়মণি ত্রিপুরা (গড়াইয়া শিল্পী) প্রতিবছরই উৎসবের সময় দল বেঁধে গ্রামে গ্রামে নেচে গেয়ে বেড়ান।
ত্রিপুরা সংস্কৃতি গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, গড়াইয়া নৃত্যে পুরানো বছরের গ্লানি-দুঃখ-বেদনা মুছে নতুন বছরে পূর্ণ উদ্যমে কাজ করার আহবান জানানো হয়।
