চুয়াডাঙ্গায় হত্যা মামলার আসামি খুন
চুয়াডাঙ্গা সদরে হত্যাসহ একাধিক মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে একটি আম বাগানে নাজমুল হকের (২৫) লাশ পাওয়া যায়।
নাজমুল জেলা শহরের কেদারগঞ্জ গ্রামের নূর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গার আলোচিত কলেজছাত্র টুটুল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই খলিলুর রহমান জানান, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে আমবাগানে নাজমুলের লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়।
তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে এসআই খলিলুর জানান, শনিবার সন্ধ্যায় নাজমুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন সদর হাসপাতালে গিয়ে নাজমুলের লাশ বলে সনাক্ত করেন।
নাজমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনরা দাবি করছেন।
এসআই খলিলুর আরো জানান, নিহত নাজমুল কলেজছাত্র টুটুল হত্যা মামলা ছাড়াও একটি মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি।
গত বছরের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এর ১৭ দিন পরই জামিনে বেরিয়ে আসেন।
