ঢাকা চিড়িয়াখানায় যোগ হচ্ছে ৩১৪টি প্রাণী
বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকা চিড়িয়াখানার জন্য ৩৯ প্রজাতির আরো ৩১৪টি প্রাণী সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে বিভিন্ন ধরনের দেড় হাজারের বেশি প্রাণি রয়েছে। নতুন করে প্রাণী সংগ্রহে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনে পেলেই প্রাণীগুলো সরবরাহে দরপত্র আহ্বান করা হবে বলে অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম জানিয়েছেন।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা চিড়িয়াখানাকে বিশ্বমানে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মাকসুদুল হাসান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক ও দেশীয় বাজার থেকে ৩১৪টি প্রাণী সংগ্রহ করা হবে।
আন্তর্জাতিক বাজার থেকে ২৬ প্রজাতির ১১৪টি দুষ্প্রাপ্য প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে জানিয়ে হাওলাদার বলেন, এজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮১ লাখ ৪৫ হাজার টাকা।
আন্তর্জাতিক বাজার থেকে শিম্পাঞ্জী, লাল বানর, গণ্ডার, উট পাখি, আফ্রিকান সিংহ, সাদা সিংহ, চিতা বাঘ, চিত্রা হায়েনা, সাদা পেলিকান পাখি, ধূসর পেলিকান পাখি, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, সারস, কেশোয়ারী পাখি সংগ্রহ করা হচ্ছে।
কোন কোন দেশ থেকে এসব প্রাণী আসবে তা তা ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক করবে বলে জানান হাওলাদার।
আর অভ্যন্তরীণ বাজার থেকে ১৩ লাখ ৮৫ হাজার টাকায় ১৩ প্রজাতির ২০০টি প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
ভোদড়, গোখরা সাপ, লাউডগা লাপ, দারাস সাপ, সোনালী সাপ, লালমুনিয়া পাখি, হোয়াইট পিংক কবুতর, আঁচিল মুরগি, ময়না, হলুদ টিয়া, তিতির কেনা হবে অভ্যন্তরীণ বাজার থেকে।
দীর্ঘদিন ধরে প্রাণী সংগ্রহ না করা এবং বয়স্ক প্রাণিগুলো মারা যাওয়ায় ঢাকা চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা খালি হয়ে পড়েছে।
ডেপুটি কিউরেটর বলেন, সঙ্গী মারা যাওয়ায় ফলে যেসব প্রাণী একা হয়ে গেছে নতুন প্রাণী আসার পর সেগুলো জুটি খুঁজে পাবে।
প্রাণী সংগ্রহের ইচ্ছা থাকলেও সে অনুযায়ী বরাদ্দ না পাওয়ার অনুযোগও জানান চিড়িয়াখানা কর্মকর্তা হাওলাদার।
তিনি বলেন, এর আগে ২০১২ সালে ১০ কোটি টাকায় প্রাণী কেনার উদ্যোগ নেয়া হলেও বরাদ্দ মিলেছিল সাড়ে ৭ কোটি টাকা।
ওই টাকা দিয়ে ২৭০টি প্রাণী সংগ্রহের কথা থাকলেও সাড়ে ৫ কোটি টাকায় ৩০ প্রজাতির ২৩০টি প্রাণী সংগ্রহ করা হয়। এরপর মন্ত্রণালয়ে ফেরত যায় দুই কোটি টাকা।
