রংপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রংপুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, রোববার বেলা ১২টার দিকে সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের নয়ারহাট এলাকার গোল্ডেন হিমাগারের পেছনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিদর্শক মিজানুর রহমান বলেন, গোল্ডেন হিমাগারের পেছনে একটি ধান ক্ষেতে ২৮-৩০ বছর বয়সী ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
“জিন্স প্যান্ট ও শার্ট পরা ওই যুবকের ডান কানের নিচে গুলির চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
