দুই নারী সাংসদের শপথ
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম এবং জাতীয় পার্টির খোরশেদ আরা হক।
রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে এ দুজনকে শপথ পড়ান।
গত বৃহস্পতিবার এ দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ দুজনের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়ালো ৩৯ এবং জাতীয় পার্টির ৬ জনে।
গত ২৩ মার্চ সংরক্ষিত আসনের সদস্যদের মধ্যে শপথ নেন আওয়ামী লীগের ৩৮ জন, ওয়ার্কার্স পার্টির একজন এবং জাসদের একজন, জাতীয় পার্টির পাঁচজন এবং স্বতন্ত্র জোটের তিন জন।
স্পিকারের কার্যালয়ে আয়োজিত এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব মো. আশরাফুল মকবুল।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রথম দফা ভোটে বিল খেলাপির দায়ে সাবিহা ও খোরশেদ আরার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে কমিশনে আপিল করেও হেরে যান তারা।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে দুই প্রার্থীই তাদের বকেয়া বিল পরিশোধ করেন। তবে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের অন্তত এক সপ্তাহ আগে বিল পরিশোধ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করেন।
পরে এই দুই আসনের নির্বাচনে পুনরায় তফসিল দিলে মনোনয়নপত্র জমা দেন সাবিহা নাহার ও খোরশেদ আরা হক।
