ফেনীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ফেনী শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে শহরের পাঠানবাড়ি এলাকায় নিহত হন আবুল হাসান মোহাম্মদ কাওছার (২৮)।
তিনি শহরের মধ্যম রামপুরের নজির আহম্মদ সওদাগর বাড়ির অধ্যাপক আবুল খায়েরের ছেলে এবং একটি গুঁড়োদুধ কোম্পানির স্থানীয় পরিবেশক।
শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক আজাদ আরো জানান, শহরের পাঠানবাড়ি এলাকার একটি কবরের পাশে দুর্বৃত্তরা কাওছারকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, অন্য যুবকের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্কের কারণেই তাকে খুন হতে হয়েছে কাওসারকে।
কাওছারের বাবা আবুল খায়ের জানান, চলতি বছরের জানুয়ারিতে কাওছারের সঙ্গে ফেনীর ফুলগাজীর কন্ট্রেকটার কাশেমের মেয়ে শাহনাজ নাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে নাদিয়া শ্বশুর বাড়ি না থেকে বাবার বাড়ি থাকত। বিয়ের পর নাদিয়া কিছু সময় শ্বশুর বাড়ি আসলেও রাতে বাসায় না থেকে বাবার বাড়ি চলে যেত।
তিনি বলেন, শুক্রবার সকালে নাদিয়ার মা নাদিয়াকে শ্বশুর বাড়ি রেখে যান। রাত ৯দিকে নাদিয়া ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে কাওছার ও নাদিয়া ঘর থেকে বের হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কাওছারে কয়েকজন স্বজন জানান, চলতি বছরের জানুয়ারিতে নাদিয়া ও কাওসারের বিয়ে হয়। বিয়ের পরও এক যুবকের সঙ্গে নাদিয়ার প্রেমের সম্পর্ক বজায় ছিল।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে কাওসারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
