‘পুরোপুরি অর্থনৈতিক মুক্তি আজও হয়নি’
দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আজও আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি। তোমাদেরকে সে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
“বঙ্গবন্ধু সব সময় একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। তোমরা তার সেই স্বপ্ন বস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।”
ক্লাসনোট আর কোচিং সেন্টারের সীমিতি নোটসর্বস্ব জ্ঞানে নিজেকে সীমাবন্ধ না রেখে বই পড়ার অভ্যাস করার আহ্বান জানান তিনি।
এছাড়া লেখাপড়ার পাশাপাশি শিল্প, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া চর্চায় জীবন আরো উন্নত করার উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, প্রতিটি মানুষ কমবেশি মেধা নিয়ে জন্মগ্রহণ করে। অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সে মেধাকে কাজে লাগানো।
শিক্ষকরা তাদের মেধা, মনন ও দক্ষতা দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের মেধার বিকাশে সর্বোচ্চ প্রয়াস চালাবেন বলে তিনি আশা করেন।
রাষ্ট্রপতি তার ভাষণে রাজশাহী অঞ্চলে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদদের স্মরণ করেন।
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আক্তার জাহান, আব্দুল ওয়াদুদ দারা, আয়েন উদ্দিন ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে বাগমারা পৌঁছান রাষ্ট্রপতি।
তিনি প্রথমে বাগমারা বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখান থেকে ভবানীগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবধর্না অনুষ্ঠানে যোগ দেন।
সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃতিত্তের সঙ্গে উত্তীর্ণ ৪২০ জন শিক্ষার্থী এবং বাগমারার ১০ জন গুণী ব্যক্তিকে সংবধর্না দেয়া হয়।
