চট্টগ্রামে এক শিশু ও নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর পৃথক এলাকা থেকে এক কিশোর শিক্ষার্থী এবং নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে রেলওয়ে পলোগ্রাউন্ডসংলগ্ন কোতয়ালী থানার অফিসার্স ক্লাবের ছাদ থেকে তানভীরের (১২) লাশ উদ্ধার করা হয়।
তানভীর সিআরবি রেলওয়ে কলোনির বাসিন্দা রেলের কর্মচারী আবদুস সালামের ছেলে। সে রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
এর আগে সকালে নগরীর মিয়াখান নগর এলাকায় নিজ বাসা থেকে পোশাকশ্রমিক ইতি আক্তারের (২৫) লাশ উদ্ধার করা হয়।
লালদীঘি পাড়ের মুন গামেন্টসের শ্রমিক ইতি বাকলিয়া থানার মিয়াখান নগর মসজিদ কলোনির বাসায় স্বামী ও সন্তানদের সঙ্গে থাকতেন।
কোতয়ালী থানার এসআই আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তানভীর শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে ছাদে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি বলেন, “রেলওয়ে অফিসার্স ক্লাবের ছাদের ওপর একটি হাইভোল্টেজ বিদ্যুতের তার রয়েছে। তার পাশেই একটি আমগাছও আছে। তাই, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
“তানভীরের হাত ও পায়ে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।”
ময়নাতদেন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মিয়াখান নগর মসজিদ কলোনির নিজ ইতি আক্তারের শায়িত লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছেন তিনি।
তিনি বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রবিউলকে (৩২) আটক করা হয়েছে। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা গ্রামের আবু তাহেরের ছেলে।
পরিদর্শক শহিদুল বলেন, “ইতির শরীরের থুতনি, গলা ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে।”
তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওই দম্পতির পাঁচ বছর বয়েসী একটি ছেলে ও তিন বছর বয়েসী একটি মেয়ে রয়েছে বলেও জানান।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “স্থানীয়রা জানিয়েছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। দাম্পত্য কলহের জের ধরে স্বামী রবিউল এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।”
