লক্ষ্মীপুরে প্রবাসী যুবককে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদরে এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে হাত-চোখ বাঁধা, মুখে স্কচ টেপ লাগানো পেটে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কামাল হোসেন সৌদি আরব প্রবাসী এবং কাশিপুর গ্রামের প্রয়াত সাঈদ আহমদের ছেলে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওয়াহিদুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে তাকে সনাক্ত করে পুলিশ।
এসআই ওয়াহিদুজ্জামান আরো জানান, এ ব্যাপারে জানতে নিহত কামাল হোসেনের কাশিপুরের বাড়ি গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ।
