২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ২৩টি ঘর পুড়ে গেছে

মাগুরার শ্রীপুর উপজেলায় আগুনে ২৩টি ঘর পুড়ে গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 09:36 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার বিকাল ৪টায় মহেশপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন আরব মোল্যা (৫২), ফারুক (৪৮), তাসলিমা (৫০), জবেদা (৪৫), রেনুকা (৪৭), রেশমা (৪৫), পিকুল (৪৮), আজম (৪৬) ও সোনাই (৩৮)। বাকিদের নাম জানা যায়নি।

মাগুরা ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ সম্ভব হয়নি।

তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, আগুনে নয়টি পরিবারের অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আরব আলী জানান, বিকালে তার স্ত্রী তাসলিমা বেগম রান্না করার সময় হঠাৎ রান্না ঘরে আগুন লেগে যায়।

পরে সে আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের ২৩টি ঘর ও ঘরে থাকা গম, রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, আসবাবপত্র, দলিল ও নগদ টাকা পুড়ে যায়।

শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।