২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামী ও পরিবারের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 09:28 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

কাঠালিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, স্ত্রী পূজা রানিকে (২৫) নির্যাতনে হত্যার অভিযোগে চেররিরামপুর ইউনিয়নের নানক গাইনকে (৩৫) আটক করা হয়েছে।

পূজা গোপালগঞ্জ জেলার জগদীশ চন্দ্রের মেয়ে বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরো জানান, শুক্রবার দুপুরে সাতমাসের অন্তঃসত্ত্বা পূজাকে তার শ্বশুর বাড়ির লোকজন মৃত অবস্থায় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসে।

প্রতিবেশী ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে আটক করা হয় গৃহবধূর স্বামী নানককে।

স্থানীয় চেররিরামপুর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী বলেন, ওই গৃহবধূকে তার স্বামী নানক ও শ্বশুর জগদীশ গাইন র্দীঘদিন ধরে নানাভাবে নির্যাতন করে আসছিল।

তাদের সমস্যা অনেকবার মীমাংসা করেছেন বলেও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, বৃহস্পতিবার রাতে পূজাকে স্বামী ও পরিবারের লোকজন মারধর করে এবং জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ায়।

প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি তিনি জানতে পেরেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

মারধর ও ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় পূজার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন চেয়ারম্যান জাকির হোসেন।

থানার এসআই আব্দুস সালাম বলেন, সুরতহালে গৃহবধূর মৃত্যুর প্রাথমিক কারণ জানা যায়নি।

তিনি বলেন, তবে দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে তার স্বামী নির্যাতন করে আসছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও একাধিকবার বিষয়টি মীমাংসা করেছে বলে জানান তিনি।

এসআই বলেন, তবে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।