সড়ক অবরোধের পর বিদ্যুৎ পেল ফতুল্লাবাসী
তিন দিন অন্ধকারে থাকা এলাকাবাসীর সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শেষে বিদ্যুৎ সংযোগ দেয়া হলো নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায়।
শুক্রবার সকালে পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়ক দেড়ঘণ্টা অবরোধ করার পর ইউএনও অফিস ঘেরাও করলে দুপুর ১২টার দিকে বিদ্যুৎ লাইন সচল হয়।
ফতুল্লার কুতুবআইল এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে বুধবার বিকালে বিদ্যুৎহীন হয়ে যায় এই এলাকা।
তবে, এতদিন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। বিক্ষোভ ও অবরোধের পর শুক্রবার কেন দেয়া হলো তার সোজা কোনো উত্তর সংশ্লিষ্ট কেউ দেননি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউছুল আযম বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিদ্যুতের লোকজনকে বলার পর তারা দুপুরের মধ্যে ট্রান্সফরমার মেরামত করে দিয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, বুধবার বিকালে ফতুল্লার কুতুবআইল এলাকায় একটি ট্রান্সফরমারকে মালবাহী কভার্ডভ্যান ধাক্কা দিলে তা বিকল হয়ে পড়ে।
ট্রান্সফরমার বিকলের বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানায় এলাকাবাসী। ট্রান্সফরমার মেরামতের জন্য বিদ্যুৎ অফিসের লোকজন তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বলে এলাকাবাসীর অভিযোগ।
টাকা না দিলে ট্রান্সফরমার মেরামতে ৫/৭ দিন সময় লাগবে জানিয়ে টালবাহানা শুরু করে তারা।
এরপর গত তিনদিনেও তা মেরামত না করায় সকাল ১০টায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসে।
পুলিশ জানায়, সড়ক অবরোধের সময় ওই সড়ক দিয়ে বিদ্যুৎ অফিসের লোকজন গেলে তাদেকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, পুলিশ গিয়ে বিক্ষুদ্ধ লোকজনকে শান্ত করে।
পরে এলাকাবাসী ইউএনওর বাসভবন ঘেরাও করে। ইউএনও বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে কথা বলে দ্রুত মেরামতের আশ্বাস দিলে এলাকার লোকজন শান্ত হয়।
ইউএনও গাউছুল আযম বলেন, ট্রান্সফরমার মেরামত করতে উৎকোচ দাবি করার বিষয়টি তার জানা নেই।
এ ব্যাপারে ফতুল্লার পঞ্চবটি বিদ্যুৎ অফিসে একাধিবার যোগাযোগের চেষ্টা কারেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
